খোকন-এ্যানিসহ ২৮ জনের বিচার শুরু 

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৬:২৮ পিএম

সাড়ে পাঁচ বছরের বেশি সময় আগে নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ ২৮ জন নেতাকর্মীর বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

আজ সোমবার (২৭ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম মো. আলী হায়দার এ মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণ শুরুর আদেশ দেন। আগামী ৬ ডিসেম্বর এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে।

কারাগারে থাকা এ্যানি ও খোকনসহ অন্য আসামিদের আদালতে হাজির করা হয়। জামিনে থাকা অপর আসামিরাও আদালতে উপস্থিত ছিলেন। আসামিপক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বিচার শুরুর আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

২০১৮ সালে ফেব্রুয়ারি মাসে পল্টন এলাকায় বেআইনি সমাবেশ, পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনার অভিযোগে পুলিশ বাদী হয়ে এ মামলাটি দায়ের করে। তদন্ত শেষে আদালতে ২৮ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত