দলের মধ্যে মনোমালিন্য থাকলেও নৌকা ও দলের স্বার্থে আমরা সকলে এক, অভিন্ন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রত্যেকটি নির্বাচনী এলাকায় অনেক যোগ্যলোক থাকে। আর তাদের মধ্য থেকেই যোগ্যলোক বেছে নিতে হয়। আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার অবশ্যই নৌকার বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
দীপু মনি বলেন, চাঁদপুর-৩ নির্বাচনী মানুষের কাছে আমার অশেষ ঋণ, তারা আমাকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ করে দিয়েছে। গত ১৫ বছর আমি চেষ্টা করেছি এই এলাকার মানুষের উন্নয়ন করতে। আমি মানুষকে যা প্রতিশ্রুতি দিয়েছি, তা জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় তা পূরণ করতে পেরেছি। আগামী দিনে চাঁদপুরবাসীর যে আশা আকাঙ্ক্ষা রয়েছে তা সবকিছুই আমরা ধাপে ধাপে পূরণ করার চেষ্টা করব।
এর আগে শিক্ষামন্ত্রী দীপু মনি চাঁদপুর আসলে তার বাসভবনের সামনে থেকে এক আনন্দ মিছিল বের হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
