এক সময় ভুটান, ভারত, বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশের গভীর বনে তাদের বিচরণ ছিল। কিন্তু এখন সমগ্র বিশ্বে মাত্র ৪০টি জীবিত আছে, বলা হচ্ছে সুমাত্রান গণ্ডারের কথা। এশিয়ান গণ্ডারের মধ্যে এই প্রজাতির গণ্ডারেরই কেবল দু’টি শিং থাকে। আকৃতিতে এরা আফ্রিকান গণ্ডারের চেয়ে ছোট। সুমাত্রান গণ্ডারের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে, এদের শরীর রোমশ।
বিরল প্রজাতির এই গণ্ডার প্রজাতির জন্য বড় সুখবর দিল ইন্দোনেশিয়া। বিবিসি জানিয়েছে, দেশটির একটি অভয়ারণ্যে জন্ম নিয়েছে একটি সুমাত্রান গণ্ডার। ২৫ কেজি ওজনের গণ্ডার শাবকটির এখনো নাম রাখা হয়নি। আপাতত কালচে রোমশ শাবকটি সুস্থ আছে, প্রকাশিত ছবি-ভিডিওতে দেখা যাচ্ছে চমৎকার প্রাণীটির শিশুতোষ চাঞ্চল্য।
প্রাণী সংরক্ষণ সংস্থা ডব্লিউডব্লিউএফ জানায়, সুমাত্রান গণ্ডার প্রজাতির জন্য এই শাবকের জন্ম সুখবর বটে। কারণ পৃথিবীতে এখন কেবল ইন্দোনেশিয়ার বোর্নিও-সুমাত্রা দ্বীপের বনভূমিতেই এরা অল্প সংখ্যায় টিকে আছে।
