ভারতের মুম্বাই ও হায়দরাবাদে আফগান কনস্যুলেট পুনরায় চালু করা হয়েছে। তালিবান নিযুক্ত আফগানিস্তানের পররাষ্ট্র বিষয়ক উপ-রাজনৈতিক মন্ত্রী শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (২৯ নভেম্বর) এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে আরো বলা হয়, জাতীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র বিষয়ক উপ-রাজনৈতিক মন্ত্রী বলেন, ভারতে আফগান দূতাবাসের কার্যক্রম বন্ধ করা বাস্তবতা নয়। আফগান দূতাবাস এবং কনস্যুলেট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছে বলে দাবি করেন তিনি।
শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই বলেন, নায়েমি নামে একজন কূটনীতিক দূতাবাস বন্ধ এবং পরিষেবা দেওয়া হয় না বলে যে দাবি করেছেন তা মিথ্যা। এর আগে গত ২৫ নভেম্বর আফগান দূতাবাস জানায়, ২৩ নভেম্বর পর্যন্ত ভারতে আফগানিস্তানের কোনো কূটনীতিক ছিল না।
চলতি সপ্তাহে নয়াদিল্লিতে আফগান দূতাবাস স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়। এক বিবৃতিতে আফগান দূতাবাস জানায়, ভারত সরকারের একের পর এক চ্যালেঞ্জ এবং কূটনৈতিক সহায়তা না থাকায় এটি ঘটেছে। যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মূলত ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করা পর থেকে এখনো তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি ভারত। এমনকি কাবুলের সঙ্গে দিল্লির কোনো কূটনৈতিক সম্পর্কও নেই।
