পাটুরিয়া-দৌলতদিয়া

ডুবোচর ও নাব্যসংকটে ফেরি চলাচল ব্যাহত

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০১:৪৯ পিএম

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে নাব্যসংকট দেখা দিয়েছে। নদীতে পানি কমে নৌ চ্যানেলের বিভিন্ন পয়েন্টে ছোট-বড় অনেক ডুবোচর জেগে উঠছে। প্রয়োজনীয় পানির গভীরতা না থাকায় সেখানে স্বাভাবিক ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। নৌপথের নির্দিষ্ট চ্যানেল ছেড়ে ফেরিগুলোকে কয়েক কিলোমিটার ভাটিপথ ঘুরে চলাচল করতে হচ্ছে। এতে ফেরি পারাপারে আগে যেখানে ২০ থেকে ৩০ মিনিট লাগত সেখানে প্রায় ১ ঘণ্টা লাগছে পারাপারে। এদিকে পরিস্থিতি মোকাবিলায় নৌপথে একাধিক ড্রেজার দিয়ে খননকাজ চালাচ্ছে বিআইডাব্লিউটিএ।

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট অফিস সূত্রে জানা যায়, গেল বর্ষায় উজান থেকে নেমে আসা ঢলে ফেরি চলাচলের জন্য নির্ধারিত চ্যানেলগুলোতে পলি জমে অনেকটা ভরাট ও সরু হয়ে গেছে। এতে করে বর্ষার শেষে নদীতে পানি কমে যাওয়ায় নৌ চ্যানেলের বিভিন্ন পয়েন্টে ছোট-বড় অনেক ডুবোচর জেগে উঠছে। পাশাপাশি পানির গভীরতা কমে গিয়ে এখন নদী ও ফেরির চ্যানেলে নাব্যসংকট সৃষ্টি হয়েছে।

অন্যদিকে যে সকল রো রো (বড়) ফেরি রয়েছে তা চলাচলের জন্য কমপক্ষে আট ফুট গভীরতা প্রয়োজন থাকলেও চ্যানেলগুলোতে গভীরতা কম থাকায় ফেরিগুলোকে অনেকটা বাড়তি পথ ঘুরে আসতে হচ্ছে, তবে পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন ঘাটে চ্যানেলে ড্রেজার দিয়ে খননকাজ চালাচ্ছেন বিআইডাব্লিউটিএর ড্রেজিং বিভাগের কর্মীরা।

পাটুরিয়া থেকে ছেড়ে আসা ফেরি এনায়েতপুরির এক যাত্রীর সাথে কথা হলে তিনি জানান, ফেরি পেতে সমস্যা না হলেও ফেরি ঘাট থেকে ছাড়তে অনেক সময় লেগেছে, আগে দেখতাম ফেরির জন্য যানবাহন ও আমাদের মতো যাত্রীর অপেক্ষা করতে হতো এখন দেখি ফেরি যানবাহনের জন্য অপেক্ষা করে দীর্ঘ সময়। অন্যদিকে ফেরি অনেকটা পথ ঘুরে চলছে। সব মিলিয়ে ফেরি ছাড়ার অপেক্ষা ছিলাম ৩০ মিনিটের মতো আর দৌলতদিয়া ঘাটে আসতে সময় লেগেছে প্রায় এক ঘণ্টা।

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম জানান, নাব্যসংকট ও ডুবোচরের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি সার্ভিস কিছুটা ব্যাহত হচ্ছে। ছোট-বড় সব ফেরি এখন নৌপথের নির্দিষ্ট চ্যানেল ছেড়ে কয়েক কিলোমিটার ভাটিপথে দিয়ে ঘুরে আসতে হচ্ছে।

বিআইডাব্লিউটিএর ড্রেজিং বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. আক্কাছ আলী বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচলের চ্যানেলে পলি জমায় নাব্যসংকট তৈরি হয়েছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌ চ্যানেলের বিভিন্ন পয়েন্টে একাধিক ড্রেজার দিয়ে দ্রুত খননকাজ চালাচ্ছি। আশা করি নাব্যসংকট দূর হয়ে ফেরি চলাচল ভোগান্তি নিরসনে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত