৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আজ বৃহস্পতিবার বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) যুগ্মসচিব আনন্দ কুমার বিশ্বাসের সই করা এ বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এ বিসিএসে আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর সকাল ১০টায়। আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এবার সবমিলিয়ে ক্যাডার পদ রাখা হয়েছে ৩ হাজার ১৪০টি। এর মধ্যে জেনারেল ক্যাডারে পদ রয়েছে ৪৮৯টি। আর টেকনিক্যাল (প্রফেশনাল) ক্যাডারে পদ রয়েছে ২০৭৪টি। এ ছাড়া সাধারণ শিক্ষায় ৫২০ জন ও কারিগরি শিক্ষায় ৫৭ জন সরকারি চাকরিতে নিয়োগ পাবেন।
সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে বিসিএস সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে।
আগামী বছরের মার্চ মাসে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে বলে জানিয়েছে পিএসসি। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ, সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে জানানো হবে। দেশের আটটি বিভাগীয় শহরে দুই ঘণ্টায় ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে।
এই বিসিএসের আবেদন ফি ৭০০ টাকা। আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা।
