নড়াইলে মাশরাফীসহ ১৬জনের মনোনয়নপত্র দাখিল

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৮:২১ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দুটি সংসদীয় আসনে ১৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে নড়াইল-২ আসনে বর্তমান সংসদ সদস্য সাবেক সফল ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজাসহ ৯জন। নড়াইল-১ আসনে বতর্মান সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তিসহ ৭জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সফল ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, জাতীয় পার্টির (এরশাদ) খন্দকার ফায়েকুজ্জামান ফিরেজ, এনপিপি’র মো. মনিরুল ইসলাম, গণফ্রন্টের মো. লতিফুর রহমান, জাকের পার্টির মো. মিজানুর রহমান মিজান, ইসলামী ঐক্যজোটের মো. মাহবুবুর রহমান এবং স্বতন্ত্র হিসেবে লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির ও লায়ন মো. নূর ইসলাম।

এ ছাড়া নড়াইল-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত বর্তমান সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি, জাতীয় পার্টির মিল্টন মোল্লা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মো. নজরুল ইসলাম, তৃণমূল বিএনপি’র শ্যামল চৌধুরী, জাতীয় পার্টি (জেপি) শামিম আরা পারভীন (ইয়াসমীন) এবং স্বতন্ত্র হিসেবে চন্দনা হক ও সিকদার মো. শাহাদাত হোসেন।

দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর কাছে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত মাশরাফি বিন মোর্ত্তজার পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত