সবাই মিছিল করল শোকজ খাইলাম আমি আর সাকিব: নিক্সন চৌধুরী

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:২২ পিএম

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা দিতে স্ব-শরীরে নির্বাচন অনুসন্ধান কমিটির কার্যালয়ে হাজির হয়ে জবাব দিয়েছেন ফরিদপুর-৪ (চরভদ্রাসন-ভাঙ্গা-সদরপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

আজ শুক্রবার (১ ডিসেম্বর) বিকাল তিনটার দিকে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরীর কাছে তিনি আচরনবিধি লঙ্ঘনের লিখিত জবাব দেন।

মজিবুর রহমান চৌধুরী নিক্সন জানান, তিনি কোন আচরনবিধি ভঙ করেননি। তিনি যখন মনোনয়নপত্র জমা দেন তখন কোথা থেকে এতো লোক এসেছে তা তার জানা নেই। তিনি আয়োজন করে কোন কিছুই করেননি। আমি আচরনবিধি মেনেই ৫জন লোক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি।

তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি মেনেই আমরা নির্বাচন করবো। মনোনয়ন জমা দেওয়ার সময় সারা দেশেই কিন্তু মিটিং মিছিল হইছে। শোকজ খাওয়ার সময় আমি আর সাকিব আল হাসান খেলাম। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম সারা দেশেই এগুলো হয়েছে, কিন্তু আমাদের মতো কিছু মানুষকে শোকজ দেওয়া হয়েছে। তবে আমি মনে করি এটা দেওয়াতে ভালো হয়েছে। সবাই সাবধান হবে, পরবর্তীতে যাতে কেউ নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন না করে।

মনোনয়নপত্র জমাদানের প্রথম দিনে গত বুধবার দুপুরে মজিবুর রহমান চৌধুরী নিক্সন বিশাল শো-ডাউন দিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়পত্র জমা দেন। মোটরসাইকেল শোভাযাত্রা করে আচরণবিধি লঙ্ঘন করেছেন এমন অভিযোগ আনা হয় মজিবুর রহমান নিক্সনের বিরুদ্ধে।

এ সংক্রান্ত চিঠিতে বলা হয়, মনোনয়নপত্র জমাদান উপলক্ষে নিক্সন চৌধুরী আড়াই শতাধিক মাইক্রোবাস ও দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে শোভাযাত্রা করেছেন। যা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত