কাল ১৪ দলের নেতাদের গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৯:১৩ পিএম

আগামীকাল সোমবার বিকেল ৪টায় গণভবনে ১৪ দলের নেতাদের ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘদিন যোগাযোগ না থাকার কারণে সৃষ্ট টানাপড়েন ও অন্যান্য বিষয়ে আলোচনার জন্য তাদের ডাকা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

জোটের শরিকদের সঙ্গে আসন বণ্টন নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। আওয়ামী লীগ ও জোট শরিকদের সূত্রে এ তথ্য জানা গেছে। বৈঠকে সভাপতিত্ব করবেন জোটের প্রধান শেখ হাসিনা।

দলীয় সূত্র জানায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে জোটগত নির্বাচন নিয়ে আলোচনা হবে। সেদিন জোটের শরিকরা কয়টি আসনে প্রার্থী দিতে পারেন সেই বিষয়েও আলোচনা হবে।

আসন-সমঝোতা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি নাখোশ ১৪-দলীয় জোটের শরিকেরা। মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর এখন আসন বণ্টন নিয়ে আওয়ামী লীগের পক্ষে অনানুষ্ঠানিক আলোচনা শুরু করার কথা রয়েছে। আর এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্যই তাদের ডাকা হয়েছে বলে জানা গেছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত