ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘গাজার কসাই’ আখ্যা দিয়ে যুদ্ধাপরাধের দায়ে তার বিচার চেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।
তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, সোমবার ইস্তাম্বুলে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) এক সম্মেলনে এই দাবি জানান তুর্কি প্রেসিডেন্ট।
প্রতিবেদনে বলা হয়, ওআইসি’র মন্ত্রী পর্যায়ের ৩৯ তম আসরের উদ্বোধনী বক্তব্যে এরদোয়ান সাফ জানিয়ে দেন, যারা হামাসের সম্পৃক্ততার অজুহাতে গাজায় নিরস্ত্র মানুষ হত্যায় নিরব থাকছে তারা মানবতার কথা বলার অধিকার হারিয়েছে।
তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, ‘ইসরায়েলের পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি আমরা ধামাচাপা পড়তে দেবো না। ইসরায়েল কেবল হত্যাকারীই নয়, চোরও।’ এসময় তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা ইসরায়েলকে আবারও গাজা দখল করে নিতে দিতে পারি না। গাজা ফিলিস্তিনের ভূখণ্ড, ফিলিস্তিনেরই থাকবে।’
গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে জাতিসংঘের ব্যর্থতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এরদোয়ান। বলেন,’ একটি বৈশ্বিক কাঠামো আছে, যা কিনা মাত্র কয়েকটি দেশের ইচ্ছায় চলে। এই অসদাচরণ করা জাতিসংঘে সংস্কার দরকার।’
প্রসঙ্গত, ৭ অক্টোবর হামাসের হামলার অজুহাতে ফিলিস্তিনের উত্তর গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। দেড় মাস ধরে চলা ব্যাপক ধ্বংসযজ্ঞে ১৫ হাজার ফিলিস্তিনিকে হত্যার পর গত ২৪ নভেম্বর ৭ দিনের যুদ্ধবিরতি হয়। এরপর গত শুক্রবার থেকে ফের গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এবার তাদের লক্ষ্য দক্ষিণ গাজা।
