মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসানের বার্ষিক আয় ৫ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ২৬২ টাকা, বৈদেশিক মুদ্রা প্রায় ২৫ হাজার ডলার। জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে দেওয়া মনোনয়নপত্র দাখিলের সময় হলফনামায় এই আয়-ব্যয়ের হিসাব দিয়েছেন তিনি।
সাকিব পেশায় নিজেকে একজন ক্রিকেটার উল্লেখ করেছেন। শিক্ষাগত যোগ্যতা দেখিয়েছেন বিবিএ পাস।
রিটার্নিং অফিসার ও মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাওয়া তথ্যে জানা গেছে, সাকিব তার হলফনামায় ক্রিকেট থেকে বার্ষিক আয় দেখিয়েছেন ৫ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৭৬৯ টাকা।
অস্থাবর সম্পদের মধ্যে ব্যাংক জমা রয়েছে ১১ কোটি ৫৬ লাখ ৯১ হাজার ৮৭৬ টাকা, শেয়ার বাজারে বিনিয়োগ ৪৩ কোটি ৬৩ লাখ ৯৬ হাজার ৮৭৪ টাকার, সোনা ২৫ ভরি এবং আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী রয়েছে ১৩ লাখ টাকার।
অপরদিকে জামানতের বিপরীতে তার ব্যাংক লোন ৩১ কোটি ৯৮ লাখ ৬১ হাজার ৩৮২ টাকা। এর মধ্যে ইর্স্টান ব্যাংকে লোন ১ কোটি ৫০ লাখ ২০ হাজার ৩৬৩ টাকা। আবার আয় থেকে ব্যাংক আমানত ২২ লাখ ৯৬ হাজার ৪৯৩ টাকা।
গতকাল সোমবার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবু নাসের বেগ তার সম্মেলন কক্ষে মাগুরার দুটি আসনের মনোনয়ন বাছাই চলাকালে এসব তথ্যের বিষয় নিশ্চিত করেন।
