স্প্যানিশ গোয়েন্দাদের ঘুষ দেওয়ার অভিযোগে মার্কিন দূতাবাসের দুই কর্মীকে বহিষ্কার করেছে স্পেন। আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, স্পেনের এল পাইস নামের এক পত্রিকা এই খবর প্রকাশ করেছে। এতে জানা যায়, গোপন তথ্য হাতিয়ে নিতে স্প্যানিশ গোয়েন্দাদের ঘুষ দিয়েছিল ওই দুই মার্কিন কর্মকর্তা।
বহিষ্কৃত দূতাবাস কর্মকর্তাদের নাম বা পদ উল্লেখ করেনি এল পাইস। জানা গেছে, মাদ্রিদের অনুরোধে গোপনীয়ভাবে ওই দুই কর্মকর্তাকে প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র।
এল পাইসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, তদন্তে বেরিয়ে এসেছে মোটা অংকের ঘুষ দিয়ে দুই স্প্যানিশ গোয়েন্দা কর্মকর্তার কাছ থেকে তথ্য হাতিয়ে নিয়েছিলেন মার্কিন দূতাবাস কর্মীরা।
এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রবলস বলেন, ‘স্পেন এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের কাছে অভিযোগ জানিয়েছে। তবে এই ঘটনা দুদেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষতি করবে না আশা করি।’
নামপ্রকাশে অনিচ্ছুক সরকারি সূত্রের বরাতে পত্রিকাটি জানিয়েছে, এই ঘটনার সঙ্গে দুইজনের বেশি মার্কিন ‘গুপ্তচর’ জড়িত থাকতে পারে।
খবরে বলা হয়েছে, দুই মাস আগে স্প্যানিশ গোয়েন্দা সংস্থার (সিএনআই) দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে একজন ছিলেন একটি গোয়েন্দা বিভাগের প্রধান এবং আরেকজন তার সহকারী। তবে এই ঘটনা আদালতের নির্দেশে গোপন রাখা হয়। এরপর মার্কিন রাষ্ট্রদূত জুলিসা রেনোসোকে তলব করে স্প্যানিশ কর্তৃপক্ষ। তবে ঘুষের ঘটনাটি সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন এবং এর জন্য ক্ষমা চান।
