২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের জন্য ব্যবহৃত আহমেদাবাদের পিচকে ‘গড়পড়তা’ রেটিং দিয়েছে আইসিসি।
সব মিলিয়ে বিশ্বকাপের পাঁচ ভেন্যুর আটটি ম্যাচের উইকেটই 'গড়পড়তা' রেটিং পেয়েছে।
ওয়াংখেড়েতে হওয়া ভারত-নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনালের পিচ 'ভালো' রেটিং পেয়েছে। এই ম্যাচের আগে পিচ পরিবর্তন নিয়ে ভারতের বেশ সমালোচনা হয়েছিল।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া ফাইনালের পিচেই হয়েছিল ভারত ও পাকিস্তানের প্রথম পর্বের ম্যাচটি।
এছাড়া কলকাতার ইডেন গার্ডেনসে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সেমিফাইনালের পিচ, একই মাঠে গ্রুপ পর্বে বাংলাদেশ ও পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের পিচও গড়পড়তা রেটিং পেয়েছে। পুনেতে হওয়া বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ম্যাচের পিচকেও গড়পড়তা রেটিং দেওয়া হয়েছে।
ধর্মশালায় বিশ্বকাপের পাঁচ ম্যাচের চারটির আউটফিল্ডকেও গড়পড়তা রেটিং দিয়েছে আইসিসি। টুর্নামেন্ট চলাকালে বাজে আউটফিল্ড নিয়ে সমালোচনা হয়েছিল অনেক।
সাধারণত ম্যাচ রেফারি উইকেটকে ছয় ধরনের রেটিং দেন। খুব ভালো, ভালো, গড়পড়তা, গড়পড়তার নিচে, বাজে, অযোগ্য। গড়পড়তার নিচে, বাজে, অযোগ্য পিচকে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।