আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) করা আপিল আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে। শুনানিতে প্রথম ১০ জনের মধ্যে ৬ জন মনোনয়ন ফিরে পেয়েছেন।
রোববার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এই আপিল শুনানি শুরু হয়।
মনোনয়ন ফিরে পাওয়া ছয়জনের মধ্যে টাঙ্গাইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার, যশোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম হাবিবুর রহমান, জামালপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. জিয়াউল হক জিয়া, নোয়াখালী-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী তালেবুজ্জামান, কিশোরগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী মো. নাসিরুল ইসলাম খান ও ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরিফুর রহমান।
অন্যদিকে আপিলে মনোনয়ন বাতিল বহাল রয়েছে যে দুজনের তাঁরা হলেন—টাঙ্গাইল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী খন্দকার আহসান হাবিব ও জামালপুর-২ আসনের জাকের পার্টির প্রার্থী মো. আব্দুল হালিম মণ্ডলের।
প্রথম ১০ জনের শুনানিতে দুজন প্রার্থী অনুপস্থিত ছিলেন। তারা হলেন—যশোর-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. আক্তারুজ্জামান ও টাঙ্গাইল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহমুদুল ইলাহ। তাদের বিষয়ে সিদ্ধান্ত হয়নি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৫৬১টি আপিল হয়েছে নির্বাচন কমিশনে। এর মধ্যে বৈধ প্রার্থীর বিরুদ্ধে আপিল হয়েছে অন্তত ৩০টি। কোনো কোনো আসনের প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধেও আপিল করেছেন। বাকি আপিলগুলো হয়েছে প্রার্থিতা ফিরে পেতে।
