ফিলিস্তিনিদের নিয়ে উপহাস!

বয়কটের মুখে বিতর্কিত বিজ্ঞাপন সরিয়ে নিল জারা

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১০:১৬ এএম

বয়কটের মুখে পড়ে বিতর্কিত বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে স্পেনের বিশ্বখ্যাত পোশাক ব্র্যান্ড বা ফ্যাশন রিটেইলার জারা। সমালোচকদের অভিযোগ, গাজায় ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনিদের প্রাণহানী, ধ্বংসযজ্ঞ, ভোগান্তিকে উপহাস করেছে জারা। এজন্য তারা ব্র্যান্ডটিকে বয়কটের আহ্বান জানায়। এরপরই বিতর্কিত ওই বিজ্ঞাপনচিত্র জারার ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

জারার আতেলিয়ের সিরিজের অংশ হিসেবে ‘দ্য জ্যাকেট’ নামের বিজ্ঞাপনচিত্র নিয়েই বিতর্ক। ওই বিজ্ঞাপন চিত্রে দেখা যায়, মডেলের কাঁধে সাদা পলিথিনে মোড়ানো একটি মূর্তি, যা দেখতে কাফনে মোড়ানো লাশের মতো। তার আশপাশে থাকা অন্যান্য মূর্তিগুলোর বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ নেই। আর চারপাশে ধ্বংসস্তূপ।

সমালোচকরা বলেন এই বিজ্ঞাপন চিত্রে যা দেখা যাচ্ছে, তা গাজায় প্রতিদিনের ধ্বংসযজ্ঞ ও প্রাণহানীর  দৃশ্য। যা পোশাকের বিজ্ঞাপনে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন এসব কিছুই নয় তাদের কাছে।

ফিলিস্তিনি শিল্পী হাজেম হার্ব ইনস্টাগ্রামে লিখেছেন, ‘মৃত্যু ও ধ্বংসযজ্ঞকে ফ্যাশনের পটভূমি হিসেবে ব্যবহার করা পাপের চেয়েও বেশি কিছু। জারার এমন কাণ্ডে ভোক্তা হিসেবে আমাদের ক্ষোভ প্রকাশ করা উচিত। জারাকে বয়কট করুন।’

এ বিজ্ঞাপনের ছবি ভাইরাল হয় এবং জারা ব্র্যান্ড বয়কটের ডাক আরও ছড়িয়ে পড়ে। তীব্র সমালোচনার মুখে প্রতিষ্ঠানটি এ বিজ্ঞাপনের সব পোস্ট সরিয়ে ফেলেছে। তবে এখনো কোনো বিবৃতি দেয়নি তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত