ইয়েমেন উপকূলে এবার বাণিজ্যিক ট্যাংকারে ক্রুজ মিসাইল হামলা

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০২:১৩ পিএম

ইয়েমেন থেকে একটি বাণিজ্যিক ট্যাংকার জাহাজে ক্রুজ মিসাইল হামলার ঘটনা ঘটেছে। এতে কোনও হতাহতের ঘটনা না ঘটলেও হামলায় ট্যাংকারটিতে আগুন ধরে যায়। হামলার শিকার এই ট্যাংকারটি নরওয়ের পতাকাবাহী বলে জানা গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি হুতি নিয়ন্ত্রিত ইয়েমেন থেকে ছোড়া হয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। তাদের এক কর্মকর্তা জানান, লোহিত সাগর এবং এডেন উপসাগরকে সংযুক্তকারী বাব আল-মানদেব প্রণালী থেকে প্রায় ৬০ নটিক্যাল মাইল (১১১ কিলোমিটার) উত্তরে স্ট্রিনডা নামের ওই ট্যাংকারে হামলার ঘটনা ঘটে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘আক্রমণের সময় আশপাশে কোনও মার্কিন জাহাজ ছিল না, কিন্তু মার্কিন নৌবাহিনীর ড্রেস্ট্রয়ার ইউএসএস ম্যাসন ঘটনাকালে স্ট্রিনডার জরুরি কলে (মেডে কলে) সাড়া দেয় এবং বর্তমানে সেটিকে নিরাপত্তা সহায়তা দেওয়া হচ্ছে।’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এরমধ্যে ইয়েমেন উপকূলীয় সংকীর্ণ প্রণালী বাব আল-মানদাবের উত্তরে লোহিত সাগরে এবং দক্ষিণপূর্বে এডেন উপসাগর ও আরব সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা।

গত শনিবার (৯ ডিসেম্বর) এক বিবৃতিতে হুতির একজন মুখপাত্র বলেন, ‘যদি গাজা প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ না পায়, তাহলে লোহিত সাগরে ইসরাইলগামী সব জাহাজে আমাদের সশস্ত্র বাহিনী হামলা করবে।’

এছাড়াও সব আন্তর্জাতিক শিপিং কোম্পানিকে ইসরায়েলি বন্দরের সঙ্গে লেনদেন করা থেকে বিরত থাকতে সতর্ক করেছে সশস্ত্র গোষ্ঠীটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত