গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চেয়ে

এবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভোটাভুটি

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০২:৪৬ পিএম

নিরাপত্তা পরিষদের ব্যর্থতার পর গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির জন্যে একটি বাধ্য বাধকতাহীন প্রস্তাব নিয়ে আজ মঙ্গলবার ভোটাভুটির আয়োজন করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ।

গত শুক্রবার নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দিলে যুদ্ধবিরতির উদ্যোগ ভেস্তে যায়।এ প্রেক্ষিতে চাপ তৈরির লক্ষ্যে সাধারণ পরিষদের অধিবেশন আহ্বান করা হয়। এর উদ্যোগ নিয়েছে আরব দেশগুলো।

সাধারণ পরিষদের ভোটাভুটি যদিও আইনত বাধ্যতামূলক নয়, কিন্তু জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক গত সোমবার বলেন, সমাবেশের বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে বিশ্বের সব নেতাদের মতামত পাওয়া যায়। এর আগে রবিবার জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, নিরাপত্তা পরিষদে ব্যর্থ হওয়া প্রস্তাবটি ১০৩টি দেশের সমর্থন ছিল। মঙ্গলবার সাধারণ পরিষদের প্রস্তাবের জন্য উচ্চ ভোটের আশা করছেন তিনি।

এর আগে নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে ১৫ সদস্য দেশের ১৩টিই প্রস্তাবে সমর্থন জানায়। যুক্তরাজ্য ভোট প্রদানে বিরত থাকে। আর প্রস্তাবের বিরোধিতা করে ভেটো দেয় পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘ সনদের ৯৯ ধারা প্রয়োগ করায় সেবারের যুদ্ধবিরতি প্রস্তাব বেশ আলোচনায় ছিল।

সেই ব্যর্থ হওয়ার পর অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, পরিষদের কর্তৃত্ব ও বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হয়েছে। একইসঙ্গে তিনি গাজা উপত্যকায় জনশৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে বলেও সতর্ক করেছেন।   

এছাড়া আরো অনেক দেশ ও মানবাধিকার সংস্থাগুলো নিরাপত্তা পরিষদের ব্যর্থতায় হতাশা প্রকাশ করেছে।  

গত ৭ অক্টোবর ইসায়েলে ফিলিস্তিনি সংগঠন হামাসের হামলায় ১২শ’ লোক নিহত হয়েছে। কিন্তু গাজায় ইসরাইয়েলের পাল্টা হামলা শুরুর পর এই পর্যন্ত ১৮ হাজার ২০৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। চলমান যুদ্ধে জাতিসংঘের ত্রাণকর্মী প্রাণ হারিয়েছে একশ’রও বেশি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত