নিজের সেরা রূপে ফিরে আসতে ব্যাকুল হয়ে আছেন স্মিথ

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৩ পিএম

ডেভিড ওয়ার্নারের মতো খুব শিগগিরই অবসরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভেন স্মিথের। তবে গত বছরটা যে খুব ভালো কাটেনি তা স্বীকার করেই নতুন মৌসুমে নতুনরূপে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। পার্থে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট দিয়েই নিজের সেরা ফর্মে ফিরতে চান ৩৪ বছর বয়সী স্মিথ।

সম্প্রতি অস্ট্রেলিয়ার নেট সেশনগুলোতে শুধু ব্যাটিংয়ে দীর্ঘ মনোযোগ দিয়েছেন তিনি। এমনকি নেট থেকে সবার শেষে বের হওয়ার ক্রিকেটারটিও স্মিথই। তবে নিজের বিনোদনের জন্য নতুন করে গলফ খেলা শুরু করেছেন স্মিথ।

মঙ্গলবার পার্থ স্টেডিয়ামে সাংবাদিকদের স্মিথ বলেন, ‘গত বছরটি খুবই ব্যস্ত সময় পার করেছি। ক্রিকেট থেকে তাই খিানিক বিরতি নিতেই গলফের সাহায্য নেওয়া। নতুন সিরিজের জন্য প্রস্তুতির আগে সপ্তাহখানেক বাড়িতে সময় কাটানো মানসিক ও শারীরিক দুদিকেই চাঙ্গা হয়ে উঠতে ব্যাপক সাহায্য করেছে। তবে এখন আমি এবং পুরো দল একটা ভালো জায়গায় আছি। সতেজভাবে লাল বলের ক্রিকেটে ফিরতে আমরা মুখিয়ে আছি।’

গত বছরটায় খুব ভালো ফর্মে ছিলেন না স্মিথ। ভারতে টেস্ট সিরিজে তার গড় ছিল ২৯, বিশ্বকাপে ৩৩.৫৫। অ্যাশেজেও সেটি ছিল ৩৭.৩০। টেস্ট ক্রিকেটে ৫৮.৬১ ক্যারিয়ার গড়ের স্মিথের সামনে তা বড্ড বেমানান। এ বিষয়ে বলেন, ‘আমি আমার নিজের মানদন্ড থেকেই অনেক নিচুতে ছিলাম। তবে তা কাটিয়ে উঠতে নতুন কিছু করতে হবে না। আমি দীর্ঘ সময় ধরে পারফর্ম করে এসেছি। তাই সেই বিশ্বাস অটুট রেখেই আবার মাঠে নেমে রান করে দলের সাফল্য এনে দেওয়াই হবে আমার লক্ষ্য।’

পাকিস্তানের পেস অ্যাটাক অস্ট্রেলিয়ার মাটিতে ভালো করবে বলে মনে করলেও স্মিথ জানেন, নিজের সেরা ফর্মের দিনে তার সামনে দাঁড়াতে পারবেন না কোনো বোলার। আর ইতিহাস সে কথার জোর সাক্ষ্য দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত