কবে শুরু হচ্ছে হৃতিক-এনটিআরের ‘ওয়ার ২’-এর শুটিং?

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৯:৫১ পিএম

যশরাজ স্পাই ইউনিভার্সের পরবর্তী সিনেমা ‘ওয়ার ২’ নিয়ে দর্শকদের উন্মাদনার পারদ তুঙ্গে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শিগগিরই সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ওয়ার ২’ সিনেমার দৃশ্যধারণ শুরু হবে। সেখানে হৃতিক রোশনের সঙ্গে যোগ দেবেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দৃশ্যধারণের কাজ। তবে হৃতিক ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু করলেও জুনিয়র এনটিআর যোগ দেবেন মার্চ বা এপ্রিল মাস থেকে।

এদিকে পিঙ্কভিলা জানিয়েছে, জুনিয়র এনটিআর বর্তমানে জাহ্নবী কাপুরের সঙ্গে ‘দেবারা’র শুটিং করছেন। এর কাজ শেষ হওয়ার পর তিনি ‘ওয়ার ২’ সিনেমার শুটিংয়ে যোগ দেবেন।

সূত্রের পক্ষ থেকে জানানো হয়েছে, জুনিয়র এনটিআর বর্তমানে তার পুরো সময় ‘দেবারা’ সিনেমায় দিচ্ছেন। জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যেই এর শুটিং শেষ হয়ে যাবে বলে জানা গেছে। এটা শেষ করে তিনি তার পরবর্তী প্রজেক্টে হাত দেবেন।

আরও জানানো হয়েছে, মার্চ বা এপ্রিল থেকে ‘ওয়ার ২’-এর কাজ শুরু করবেন জুনিয়র এনটিআর। ‘ওয়ার ২’-এর পর আবার জুনিয়র এনটিআর প্রশান্ত নীলের পরিচালনায় ‘এনটিআর ৩১’-এর কাজ শুরু করবেন।

উল্লেখ্য, যশরাজ স্পাই ইউনিভার্সের ষষ্ঠ সিনেমা ‘ওয়ার ২’। ইতিমধ্যেই ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’, ‘পাঠান’, ‘টাইগার ৩’ মুক্তি পেয়েছে। পরবর্তী সময়ে আসতে যাচ্ছে এই স্পাই ইউনিভার্সের ‘পাঠান ভার্সেস টাইগার’।

প্রসঙ্গত, ‘ওয়ার’ মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। হৃতিক রোশন এবং টাইগার শ্রফ অভিনীত সিনেমাটি বক্স অফিসে তখন ৩০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত