বিজয় দিবসে সীমান্তে বিএসএফের গুলিতে আহত ৩

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ০১:৪৯ পিএম

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দৈইখাওয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে উপজেলার দৈইখাওয়া বিওপি ক্যাম্প সংলগ্ন সীমান্তের ৯০১ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটেছে। তারা কাঁটাতারের ওপর দিয়ে গরু পারাপার করছিলেন। এ সময় তাদের লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে তারা আহত হন।

আহতরা হলেন হাতীবান্ধা উপজেলার দৈইখাওয়া আজিম বাজার এলাকার রনি মিয়া (২১), একই উপজেলার গেন্দুগুড়ি এলাকার বাসিন্দা সুজন (২১) এবং গেন্দুগুড়ি বিলুপ্ত ছিটমহল এলাকার হাকিম মিয়া (৩৫)। পায়ে গুলিবিদ্ধ দুজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অপরজন অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন দৈইখাওয়া বিওপি ক্যাম্পের ল্যান্স নায়েক মো. বশির উল্লাহ বলেন, উপজেলার দৈইখাওয়া বিওপি এলাকার সীমান্তের ৯০১ নম্বর মেইন পিলার থেকে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে বান্নিগড়া নামক স্থানে ভোরে একদল বাংলাদেশি কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে গরু পারাপার করছিল। এসময় ভারতীয় বড়মরিচা বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে ৫ থেকে ৬ রাউন্ড গুলি ছোড়ে। এতে বাংলাদেশি তিন ব্যক্তির মধ্যে দুজন পায়ে ও একজনের হাতে গুলিবিদ্ধ হন।

লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি গরু পারাপারকারী আহতের বিষয়টি শুনেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত