বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৯:১৪ পিএম

আজ রবিবার পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ‘মহান বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা (পুরুষ ও নারী) -২০২৩ এর উদ্বোধন করেন সাইফ পাওয়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশব্যাপী হ্যান্ডবলকে ছড়িয়ে দেয়ার আহবান জানান বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব রুহুল আমিন।

১০ দলের (পুরুষ ও নারী) অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এবারের বিজয় দিবস হ্যান্ডবল। এত কম দলের অংশগ্রহণ দেখে কিছুটা হতাশ বাংলাদেশ সাঁতার ও দাবা ফেডারেশনের সহ-সভাপতি তরফদার রুহুল আমিন। ফেডারেশনের কাছে ভবিষ্যতে দলের সংখ্যা বাড়ানো দাবি রাখেন তিনি।

জনপ্রিয় এই ক্রীড়া সংগঠক একই সঙ্গে ঘোষণা দেন আগামী বছর ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সাইফ পাওয়ারটেকের উদ্যোগে দেশব্যাপী ‘মহান স্বাধীনতা দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৪' আয়োজনেরও।

বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তরফদার রুহুল আমিন বলেন,‘হ্যান্ডবল একটি সম্ভাবনাময় খেলা। লন টেনিসসহ দেশে আরো বেশ কিছু সম্ভাবনাময় খেলা রয়েছে। শরীর ভালো রাখতে এই খেলাগুলোর চর্চার প্রয়োজনীয়তা ব্যাপক। হ্যান্ডবলকে যদি ঠিকঠাক চর্চা করা হয় এবং তৃণমূল থেকে এর চর্চাটা আরো বাড়ানো হয় তাহলে এরাই একদিন বিশ্বদরবার থেকে দেশের জন্য সম্মান বয়ে আনবে, ট্রফি-মেডেল নিয়ে আসবে। আগামী বছর যে স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উদযাপিত হবে সেখানে আমরা একটা প্রতিযোগিতার আয়োজন করব সাইফ পাওয়ারটেকের উদ্যোগে। যেখানে ৬৪টি জেলাকে সমন্বিত করে কাজটি করতে হবে।’

হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূরের সভাপতিত্ব বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বর্ষীয়ান ক্রীড়া সংগঠক আশিকুর রহমান মিকু। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (এডমিন অ্যান্ড রিসার্চ) কাজী রোমানা নাসরিন এবারের বিজয় দিবস প্রতিযোগিতার পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৩ চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।

উদ্বোধনী দিনে পুরুষ বিভাগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি নিজ নিজ খেলায় জয় লাভ করেছে। যেখানে বিজিবি ৩৭-১৮ গোলে আইডিয়াল হ্যান্ডবল গার্ডেনকে (চাঁপাইনবাবগঞ্জ) এবং আনসার ৪১-৩০ গোল ব্যবধানে বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে জয় তুলে নেয়। এদিকে নারী বিভাগে জয় পেয়েছে বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ আনসার। বাংলাদেশ পুলিশ নারী হ্যান্ডবল দল ৩৪-২১ গোল ব্যবধানে হ্যান্ডবল ট্রেনিং সেন্টারকে (ঢাকা) এবং আনসার ৪১-১৬ গোলে একই দলের বিরুদ্ধে জয় তুলে আনন্দে ম্যাট ছাড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত