গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের তিনটির স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে শোডাউন করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
আজ সোমবার (১৮ ডিসেম্বর) সকাল বেলা ১০টায় গাজীপুর জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেরিয়ে বেলা সোয়া ১২টায় তিনি তিন স্বতন্ত্র প্রার্থী নিয়ে গাজীপুর রাজবাড়ী মাঠে উপস্থিত হন। এসময় লোকে লোকারণ্য হয়ে পড়ে মাঠসহ আশপাশ এলাকা।
গাজীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেল, গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিন ও গাজীপুর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ঢাকসুর সাবেক ভিপি আখতারউজ্জামান নিয়ে এক মঞ্চে উপস্থিত হন জাহাঙ্গীর আলম। এসময় স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে রাজবাড়ি মাঠ থেকে শিববাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে নেতাকর্মীদের শোডাউন করেন। বিকেলে গাজীপুরের কালিগঞ্জ উপজেলার বাড়িয়া ইউনিয়নে একটি রিসোর্টে বিজয় দিবস উপলক্ষ্যে আখতারউজ্জামানকে সাথে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, ‘যারা আওয়ামী লীগকে ভালবাসে আওয়ামী লীগের জন্য যারা জীবন দেয় এরাই অরিজিনাল। প্রাধনমন্ত্রী একটা সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগ নিয়ে স্বপ্ন দেখার। সেই সুযোগটা আগামী ৭ তারিখে আমরা কাজে লাগাতে চাই। আমরা যে যেখানে আছি আমরা যেন সকলকে সহযোগিতা করি।’
