কুড়িগ্রাম রাজারহাটে কুড়িগ্রাম-রংপুর রেললাইনের ঠাঁটমারী বদ্ধভূমি এলাকার লাইনের কিছুসংখ্যক হুক বোল্ট (নাট) খুলে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রাম স্টেশন মাস্টার মো. শামসুজ্জোহা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও রেলসূত্রে জানা যায়, কুড়িগ্রাম-রংপুর রেললাইনের ঠাঁটমারী বদ্ধভূমি এলাকায় অবস্থিত রেলসেতুর স্লিপারের নাট কে বা কারা খুলে নিয়ে যায়। এ ঘটনায় দুপুরে রেল ওয়েম্যান কুড়িগ্রাম রেলস্টেশন মাস্টারকে খবর দিলে তারা উপস্থিত হয়ে রেল লাইনের কাজ শুরু করে।
এ ঘটনায় কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কুড়িগ্রাম রেল স্টেশন মাস্টার মো. শামসুজ্জোহা বলেন, হারিয়ে যাওয়া নাটকগুলোর স্থলে নতুন নাট বসানো হয়েছে। এখন রেল চলাচলে কোনো সমস্যা নেই।
কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। রেল বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলে জেনেছি, নাট চুরির বিষয়টি নাশকতা সৃষ্টি নয়। নাটগুলো কেউ চুরি করে নিয়েছে। ঘটনাস্থলে রেল বিভাগ কাজ করেছে।
