নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নেলসনে ভোর ৪টায় মাঠে নামছে বাংলাদেশে। প্রথম ম্যাচে ডিএলএস পদ্ধতিতে হেরে সিরিজে পিছিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল। চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা তাই নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পাশাপাশি সিরিজ বাঁচানোরও লক্ষ্য নিয়ে খেলতে নামবে।
যদিও ম্যাচের আগের দিন দ্বিতীয় ম্যাচের একাদশ কেমন হবে— সেটি জানাননি। মঙ্গলবার গণমাধ্যমে কোচ হাথুরুসিংহে বলেন, ‘একাদশ নিয়ে ভাবিনি, উইকেট এখনও ভেজা। আমাদের কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে আশা করছি হাই স্কোরিং ম্যাচ হবে। ডানেডিন থেকে এখানকার আবহাওয়া ভালো এবং ক্রিকেট উপযোগী। ২০১৭ এবং ২০১৫ সালের বিশ্বকাপে যখন খেলেছি তখন উইকেট খুবই ভালো ছিল, আউটফিল্ডও খুব ভালো। ভালো ম্যাচ হবে।’
এর আগে ঘরের মাঠে সমতা নিয়ে টেস্ট সিরিজ শেষ করে গত ১৭ ডিসেম্বর অ্যাওয়ে সিরিজের প্রথম ওয়ানডে খেলেছিল দু’দল। যেখানে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশ ৪৪ রানে হেরে যায়। নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে যা টাইগাদের টানা ১৭তম পরাজয়। তবে দ্বিতীয় ম্যাচের আগে ২০১৫ বিশ্বকাপের একটি সুখস্মৃতি মনে করতে পারে টাইগাররা। নেলসনে অনুষ্ঠিত ওই ম্যাচটিতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে বাংলাদেশ স্কটল্যান্ডকে হারিয়েছিল।
