চাঁদপুর ৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি অসহযোগ আন্দোলনের মানে বোঝে না। কারণ জনগণকে ছাড়া অসহযোগ আন্দোলন করা যায় না।
শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় উঠান বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অসহযোগ আন্দোলন তখন হয় যখন একটি দমন-পীড়নশীল রাষ্ট্রের কাছে একটি জনগোষ্ঠী স্বাধীনতা চায়। যেমন আমরা ৭১ সালে পাকিস্তানিদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন করেছি এবং সেটা সফল হয়েছিল। এছাড়াও ব্রিটিশ বিরোধী আন্দোলনে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন করেছিলেন। সেগুলো সফল অসহযোগ আন্দোলন।
তিনি বলেন, তারা কার বিরুদ্ধে কাকে নিয়ে অসহযোগ আন্দোলন করছেন। হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ঘোষণা দিয়ে দুইজন-পাঁচজন নিয়ে রাস্তায় দৌঁড়াদৌঁড়ি করা, নাশকতা করা। অসহযোগ মানে তো এই নাশকতা নয়। অসহযোগ মানে কী ট্রেনের মধ্যে আগুন দিয়ে শিশু ও নারী হত্যা করা। যারা এই নাশকতা করে বা সহিংসতা করে, যারা যুদ্ধাপরাধীদের দোসর তারা অসহযোগ আন্দোলনের মানেই বোঝে না। অসহযোগ আন্দোলন করার তাদের কোনো সুযোগ নেই। কারণ জনগণ তাদের সাথে নেই জনগণকে ছাড়া অসহযোগ আন্দোলন করা যায় না।
এদিন সকাল থেকেই শিক্ষামন্ত্রী শাহমাহমুদপুর ইউনিয়নের বিভিন্ন বাড়িতে উঠান বৈঠক ও জণসংযোগ করেন। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
