ভারত মহাসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে সাগরে নৌকায় ভাসছে ১৮৫ রোহিঙ্গা। তারা দুর্দশায় আছে বলে জরুরি ভিত্তিতে উদ্ধারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
শনিবার ২৩ ডিসেম্বর ইউএনএইচসিআর শরণার্থী সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, নৌকায় থাকা রোহিঙ্গাদের মধ্যে প্রায় ৭০ জন শিশু এবং ৮৮ জন নারী। নৌকায় অবস্থানরত অনেক রোহিঙ্গার অবস্থা গুরুতর। জানা গেছে, ইতিমধ্যে একজন মারাও গেছে।
বিবৃতিতে আরও জানানো হয়, সময়মত এই রোহিঙ্গাদের উদ্ধার না করা হলে আরও অনেকে মারা যেতে পারে। তাই নিকটবর্তী উপকূলীয় রাজ্যের নরজদারিতে তাদের নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে।
ইউএনএইচসিআরের মুখপাত্র বাবর বেলুচ বলেছেন, সংস্থাটি অভিবাসীদের উদ্ধারের জন্য এলাকার সমস্ত উপকূলীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে।
মিয়ানমারে নির্যাতিত হাজার হাজার রোহিঙ্গা উন্নত জীবনের আশায় প্রতি বছর ঝুঁকিপূর্ণ সমুদ্র যাত্রা করে মালয়েশিয়া ,ইন্দোনেশিয়ায় পৌঁছানোর চেষ্টা করে। সাম্প্রতিক সময়ে তাদের এই ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা বেড়েছে। ইউএনএইচসিআরের তথ্য অনুসারে, ২০২২ সালে ২ হাজারেরও বেশি রোহিঙ্গা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে ঝুঁকিপূর্ণ যাত্রার চেষ্টা করে।
গত বছর থেকে রোহিঙ্গা শরণার্থীসহ ৫৭০ জনেরও বেশি মানুষ এই অঞ্চলে সমুদ্রে মারা গেছে বা নিখোঁজ হয়েছে।
