খালেদা জিয়ার কেবিনে ঢোকার চেষ্টা: আটক সুজন রিমান্ডে

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১০:২১ পিএম

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে ঢোকার চেষ্টার সময় আটক যুবককে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ রবিবার (২৪ ডিসেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত মো. সুজনের (৩৪) রিমান্ড মঞ্জুর করেন।

এদিন তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করার পর পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম ফারাহ দিবা ছন্দা দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার খালেদা জিয়ার কেবিনের আশপাশে সন্দেহজনকভাবে ঘুরছিলেন সুজন। পরে কেবিনে ঢোকার চেষ্টা করলে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়। সুজনের বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার চর চাঁদপুরে। তিনি বেকার।

এর আগে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়ার কেবিনে অপরিচিত ও সন্দেহভাজন যুবকের প্রবেশের চেষ্টা গভীর উদ্বেগজনক। হাসপাতালের মতো নিরাপদ জায়গায় থাকলেও তার (খালেদা জিয়া) নিরাপত্তা কেন এত দুর্বল রাখা হয়েছে তা বিস্ময়কর।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সবশেষ দফায় গত ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসকেরা জানিয়েছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে। তবে তাকে এখনও চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত