জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগের দুঃশাসন, লুটপাট ও দুর্নীতি থেকে দেশকে রক্ষার স্বার্থে জাতীয় পার্টিকে ভোট দিয়ে জয় করুন। যে অশান্তিতে দিন কাটাচ্ছে মানুষ। তাতে কিছুটা হলেও স্বস্তিতে থাকবে মানুষ। পরিবর্তনের জন্য জাতীয় পার্টির প্রয়োজন।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা চৌমাথায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ বিভ্রান্ত ছড়িয়েছে। যেখানে আওয়ামী লীগের প্রার্থী সরিয়ে নিয়েছে। সেখানে তারা আবার স্বতন্ত্র প্রার্থী দিয়েছেন। তারা আওয়ামী লীগের প্রার্থী। আমরা কোনো মহাজোট করি নাই। সারা দেশে এককভাবে লাঙ্গল প্রতীকে ভোট করছি। গাইবান্ধার মানুষ বৃহত্তর রংপুরের সঙ্গে ছিল। এখনোও আছে ভবিষ্যতেও থাকবে। দেশের শান্তি ও পরিবর্তনের জন্য আগামী ৭ জানুয়ারি জাতীয় পার্টিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
এ সময় জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও গোবিন্দগঞ্জ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অধ্যক্ষ কাজী মশিউর রহমান, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব আব্দুর রাজ্জাক, গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল মান্নান মোল্লা, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।
