বিএনপির লিফলেট বিতরণে পুলিশের লাঠিচার্জ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৪:২২ পিএম

লালমনিরহাটের হাতীবান্ধায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিরোধী লিফলেট বিতরণকালে বিএনপির নেতাকর্মীদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার দইখাওয়া মোড় থেকে বিএনপি একটি মিছিল বের করে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেটে সমাবেশে মিলিত হয়। সেখানে অতর্কিতভাবে বিএনপি নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার দইখাওয়া মোড় থেকে বিএনপি নেতা সাহেদুজ্জামান কোয়েলের নেতৃত্বে নির্বাচন বিরোধী বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় নেতাকর্মীরা নির্বাচনে অংশ না নেয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেন। পরে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেটের সামনে এক সমাবেশে মিলিত হন। বিএনপি নেতা সাহেদুজ্জামান কোয়েল বক্তব্য শুরু করলে পুলিশ অতর্কিতভাবে লাঠিচার্জ শুরু করে।

বিএনপি নেতা সাহেদুজ্জামান কোয়েল বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মিছিল ও সমাবেশ করছিলাম। এ সময় ক্ষমতাসীন দলের পেটোয়া বাহিনী পুলিশ আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ৭ জন নেতাকর্মী আহত হন। শুধু তাই নয় বাড়িতে ঢুকেও পুলিশ হামলা চালিয়েছে।’

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘তারা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে জানমালের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করছিল। সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে সেটি বিবেচনা করেই আমরা তাদের ছত্রভঙ্গ করেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত