দীর্ঘদিনের প্রেম ভেঙে গেছে। কিন্তু মন থেকে মুছেনি প্রাক্তন প্রেমিকের দেওয়া আঘাত। প্রতিশোধ নিতে ভয়ঙ্কর কাণ্ডই ঘটালেন তরুণী। প্রাক্তনের গাড়িতে রেখে আসলেন গাঁজার প্যাকেট। তারপর নিজেই পুলিশকে খবর দিলেন। পুলিশ প্রথমে বিশ্বাস করলেও তরুণীর একটা ভুলে ফাঁস হয়ে যায় রহস্য।
ঘটনাটি ভারতের হায়দরাবাদের। গতকাল মঙ্গলবার ওই তরুণী, তার নতুন প্রেমিকসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে এক যুবককে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে।
জানা গেছে, সম্পর্ক ভেঙে দেওয়ার অপমান মেনে নিতে পারেননি তরুণী। তাই প্রতিশোধ নিতে প্রাক্তনকে মিথ্যা মামলায় ফাঁসানোর ছক কষেন। এই পরিকল্পনায় তাকে সাহায্য করে বর্তমান প্রেমিক ও তার চার বন্ধু। পরিকল্পনা অনুযায়ী সোমবার প্রাক্তনের সঙ্গে যোগাযোগ করে বন্ধুত্বের সম্পর্ক রাখার প্রস্তাব দেন তরুণী। একটি পার্কে দেখাও করতে বলেন। পরে পার্কের সামনে পৌঁছাতেই প্রাক্তনের গাড়িতে উঠে বসে তরুণী, তার নতুন প্রেমিক দীপক ও চার বন্ধু। এ সময় তরুণী প্রাক্তনকে কথার জালে ব্যস্ত রাখলেও গাড়ির সিটের নিচে গাঁজার প্যাকেট লুকিয়ে রাখে বন্ধুরা।
এরপর তরুণী সোজা হাজির হন জুবিলি হিলস পুলিশ স্টেশনে। সেখানে গিয়ে অভিযোগ করেন। বলেন, পার্কের সামনে একটি গাড়িতে গাঁজা বিক্রি হচ্ছিল। গাড়ির নম্বরও দেন তিনি। এদিকে ওই যুবকের সন্দেহ হলে গাড়িতে খোঁজাখুঁজি করতেই পেয়ে যান গাঁজার প্যাকেট। এরপর বিষয়টি বুঝতে সমস্যা হয়নি তার। সঙ্গে সঙ্গে তিনিও থানায় গিয়ে হাজির হন এবং পুরো ঘটনা খুলে বলেন।
