রাজধানীর আদাবরে প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৫৫ বছর। বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।
ওই নারীকে হাসপাতালে আনা পথচারী মাহবুবুল আলম জানান, সন্ধ্যার দিকে আদাবর থানার পাশের রাস্তায় একটি জটলা দেখতে পান তিনি। এগিয়ে গেলে দেখেন ওই নারী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তখন জানতে পারেন, একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে চলে গেছে।
সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে প্রথমে পাশের একটি প্রাইভেট ক্লিনিকে, সেখান থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় ঢামেকে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ঘটনাস্থলের আশপাশের কেউই ওই নারীর পরিচয় জানাতে পারেনি।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি আদাবর থানা পুলিশকে জানানো হয়েছে।
