নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় ‘মেডোজেন সাবকিউ ইনজেকশন’

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পিএম

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষা ও পরিবার পরিকল্পনাকে আরও সহজ, সুবিধাজনক ও স্বনির্ভর করতে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি. বিশ্বের প্রথম জেনেরিক হিসেবে বাজারে নিয়ে এসেছে মেডোজেন সাবকিউ ইনজেকশন। তারা বলেন, এটি বাংলাদেশসহ সারা বিশ্বের নারীদের স্বাস্থ্যসেবায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। আধুনিক ও ব্যবহারবান্ধব এই পদ্ধতি নারীদের নিজ উদ্যোগে জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থাপনার সুযোগ সৃষ্টি করে পরিবার পরিকল্পনায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে মেডোজেন সাবকিউ-এর উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)-এর সভাপতি প্রফেসর ফিরোজা বেগম। প্রধান অতিথি ছিলেন ওজিএসবি’র সাবেক সভাপতি প্রফেসর আনোয়ারা বেগম। বিশেষ অতিথি ছিলেন ওজিএসবি’র সাবেক সভাপতি এবং বিএমআরসির চেয়ারম্যান প্রফেসর সায়েবা আক্তার এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি.-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির। 

অনুষ্ঠানে কি-নোট উপস্থাপন করেন ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি সোসাইটি অব বাংলাদেশ (এফএসএসবি)-এর সেক্রেটারি জেনারেল প্রফেসর মারুফ সিদ্দিকী। অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক স্বনামধন্য গাইনোকোলজিস্ট উপস্থিত ছিলেন।

ওজিএসবি’র সভাপতি প্রফেসর ফিরোজা বেগম বলেন, মেডোজেন সাবকিউ ইনজেকশনটি শুধু বাংলাদেশের নারীদের জন্যই নয়, বরং সারা বিশ্বের নারীদের জন্য একটি আশীর্বাদস্বরূপ। মেডোজেন সাবকিউ-এর নিরাপদ কার্যকারিতা এবং স্বপ্রয়োগযোগ্য ব্যবহারবিধি নারীদের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে। যার ফলে জন্মনিয়ন্ত্রণের পাশাপাশি এন্ডোমেট্রিওসিসের বর্তমান চিকিৎসা খরচ প্রায় ৮০–৯০ শতাংশ কমে যেতে পারে।

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি.-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির বলেন, এই ওষুধটি সাধারণ ওষুধ নয়। এটির পেছনে রয়েছে কারিগরি ও প্রযুক্তিগত এবং চিকিৎসাবিজ্ঞানের নিরলস গবেষণার প্রচেষ্টা। বাংলাদেশসহ সারা বিশ্বের নারীদের স্বাস্থ্যসেবায় এটি একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

অনুষ্ঠানে জানানো হয়, এটি বাংলাদেশের প্রথম ইনজেক্ট ডিভাইসে বাজারজাতকৃত স্বপ্রয়োগযোগ্য গর্ভনিরোধক ইনজেকশন। প্রতি তিন মাস অন্তর (১২–১৪ সপ্তাহ) ত্বকের নিচে প্রয়োগ করতে হয়। এটি মাংসপেশিতে প্রয়োগযোগ্য ফর্মুলেশনের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম মাত্রায় কার্যকর গর্ভনিরোধক সুরক্ষা প্রদান করে। এর ফলে নারীরা স্বাস্থ্যসেবা প্রদানকারীর কাছে ঘন ঘন না গিয়েই আরও সহজ, সুবিধাজনক ও নিরাপদ উপায়ে জন্মনিয়ন্ত্রণের সুবিধা পেতে পারেন।

গর্ভনিরোধের পাশাপাশি এটি এন্ডোমেট্রিওসিসজনিত ব্যথা ব্যবস্থাপনাতেও ব্যবহার করা যায়। এ ক্ষেত্রেও মাত্রা ও প্রয়োগের ব্যবধান একই—১০৪ মি.গ্রা. (০.৬৫ মি.লি.) ত্বকের নিচে প্রতি তিন মাসে (১২–১৪ সপ্তাহ অন্তর) একটি ইনজেকশন। তবে ব্যবহারের পূর্বে অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুসরণ করতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত