চিনির বদলে গুড় খেলে কি ওজন কমে?

  • নিয়মিত গুড় খেলে দেহে খনিজের ঘাটতি অনেকটাই মিটিয়ে ফেলা সম্ভব 
  • চিনি কম খাওয়া ভালো, কারণ চিনিতে পুষ্টি উপাদান কম বরং ক্যালোরি অনেক বেশি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১০:৩০ এএম

অতিরিক্ত চিনি শরীরের ক্ষতি করে, এই কথা কমবেশি সকলেই জানেন। আর সেই কারণে চিনি খাওয়ার উপরে অনেকে এখন নিয়ন্ত্রণ আনছেন। কিন্তু মিষ্টি ছাড়া তো অনেকেরই চলে না, তাই তাঁরা বেছে নিচ্ছেন বিকল্প কিছু।

চিনির বিকল্প হিসাবে অনেকেই গুড় বা মধু খান। গুড় বা মধু খেলে ক্ষতি কম হয় এবং ওজন ও কমে বলেই অনেকের ধারণা। আসলেই কি তাই?

চিনি বনাম গুড়

গুড়ে রয়েছে ম্যাগনেশিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, পটাশিয়ামের ভাণ্ডার। তাই নিয়মিত গুড় খেলে দেহে খনিজের ঘাটতি অনেকটাই মিটিয়ে ফেলা সম্ভব হবে। শুধু তাই নয়, পেটের স্বাস্থ্য রক্ষার পাশাপাশি অ্যানিমিয়া বা রক্তাল্পতা কমায় গুড়।

অন্যদিকে সুস্থ থাকতে চাইলে যতটা কম সম্ভব চিনি খাওয়া ভালো। কারণ চিনিতে পুষ্টি উপাদান কম বরং ক্যালোরি অনেক বেশি। তাই চিনিকে ‘এম্পটি ক্যালোরিজ’ বলে ডাকা হয়। আর এই কারণেই চিনি খেলে হুট করে ডায়াবেটিস বৃদ্ধির পাশাপাশি ওজন বাড়ানোর কাজেও এর জুড়ি মেলা ভার। তাই যত দ্রুত সম্ভব খাদ্য তালিকা থেকে চিনি কমানো উচিত।

চিনির বদলে গুড় খেলে কি ওজন কমবে?

ওজন কমাতে চাইলে চিনি এবং গুড় কোনওটাই খাওয়া চলবে না। কারণ ১০০ গ্রাম চিনি এবং গুড়, এই দুটিতেই রয়েছে প্রায় ৩৭০ থেকে ৩৮০ ক্যালোরি। আর এই পরিমাণ ক্যালোরি ওজন বাড়ানোর কাজে সিদ্ধহস্ত। তাই ওজন কমাতে চাইলে চিনি এবং গুড়, দুটোর থেকেই দূরত্ব বজায় রাখতে হবে।

ওজন কমাতে কী খাবেন?​

ওজন কমানোর ইচ্ছে থাকলে চিনি এবং গুড়, এই দুটর বদলে লো ক্যালোরি আর্টিফিশিয়াল সুইটনার খেতে পারেন। তবে এই ধরনের সুইটনার ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসক বা ডায়াটিশিয়ানের পরামর্শ নিয়ে ফেলুন। তারপরই এই ধরনের কৃত্রিম মিষ্টি খাবারকে ডায়েটে জায়গা করে দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত