ভাত-ডিম খাওয়া কমিয়েছে দেশের মানুষ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০১:১৯ পিএম

দেশের মানুষ এখন প্রতিদিন গড়ে ৩২৮ গ্রাম ভাত গ্রহণ করেন। ২০১৬ সালে ভাত গ্রহণের পরিমাণ ছিল ৩৬৭ গ্রাম। ওই সময় দৈনিক ১৩.৬ গ্রাম ডিম গ্রহণ করা হলে এখন তা কমে ১২.৭ গ্রামে নেমে এসেছে। 

বুধবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) থেকে প্রকাশিত ‘খানার আয়-ব্যয়ের জরিপ ২০২২’-এর চূড়ান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিবিএস বলছে, শহর-গ্রামের তুলনা করলে খাদ্য নিরাপত্তাহীনতার পরিমাণ গ্রামে বেশি। গ্রামে বসবাসরত জনসংখ্যার ২২.৩৬ শতাংশ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। শহরে এ হার ১৮.৩৭ শতাংশ। 

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, শহরের দারিদ্র্য কমলেও আর্থিক দুর্বলতা বেড়েছে। মধ্যবিত্তের আয় কমেছে প্রায় ১০ শতাংশ, একই সঙ্গে কমেছে খাদ্যগ্রহণও। দেশের জনসংখ্যার ২১.১১ শতাংশ বা প্রতি পাঁচজনে একজন খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে।

ছয় বছর আগে ২০১৬ সালে দারিদ্র্যের হার ছিল ২৪.৩ শতাংশ। দেশে অতিদারিদ্র্যের হার ৫.৬ শতাংশ; ছয় বছর আগে এই হার ছিল ১২.৯ শতাংশ। ঢাকায় দারিদ্র্যের হার ১৭.৯ শতাংশ, চট্টগ্রামে ১৫.৮ শতাংশ, রাজশাহীতে ১৬.৭ শতাংশ, সিলেটে ১৭.৪ শতাংশ, রংপুরে ২৪.৮ শতাংশ আর ময়মনসিংহে ২৪.২ শতাংশ। রংপুরে কমে বরিশালে দারিদ্র্য বেড়ে দেশের সর্বোচ্চ হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত