গেট ভেঙে আদালতে ঢুকে পড়ল হাতি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০২:০৭ পিএম

আদালতে হাতির হামলা- এমন ঘটনা শোনা যায়নি আগে। এবার তেমনই এক ঘটনা ঘটল ভারতের উত্তরাখণ্ডে। বুধবার একটি হাতি হঠাৎই হরিদ্বারের একটি আদালতের গেট ভেঙে ঢুকে পড়ে। তা দেখে আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় আদালত চত্বরে। আদালতে হাতির হামলার সেই ঘটনার একটি ভিডিও ভেসে বেড়াচ্ছে সোশালে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

উত্তরাখণ্ডের বন দপ্তর সূত্র জানায়, দলছুট একটি ছুটি লোকালয়ে ঢুকে পড়ে। প্রাথমিকভাবে মনে হচ্ছে 'রাজাজি বাঘ সংরক্ষণ কেন্দ্র' থেকেই হাতিটি আসে। পরে সেটি হরিদ্বারের রোশানাবাদ এলাকায় ঢুকে পড়ে। ওই এলাকায় জেলা প্রশাসকের দপ্তর এবং একটি আদালত রয়েছে। হাতিটি জেলা প্রশাসকের দপ্তরের পাশ দিয়ে গিয়ে আদালত চত্বরে ঢোকার চেষ্টা করে। কিন্তু আদালতের মূল ফটক বন্ধ ছিল। বাধা পেয়েই হাতিটি এক ধাক্কায় সেই গেট ভেঙে ফেলে। তার পর আদালত চত্বরে ঢুকে তাণ্ডব চালায়। আদালতের সীমানাপ্রাচীরের একটা অংশও ভেঙে ফেলে।

আদালতে হাতি ঢুকতেই আতঙ্কিত হয়ে পড়ে উপস্থিতরা। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটোছুটি শুরু করে। কয়েক মিনিট তাণ্ডব চালানোর পর হাতিটি আদালত চত্বর ছেড়ে বেরিয়ে যায়। ঘটনার সময় বন দপ্তরে খবর দেওয়া হয়। খবর পেয়েই বনকর্মীরা ঘটনাস্থলে এসে শূন্যে গুলি ছুড়ে হাতিটিকে জঙ্গলের দিকে তাড়িয়ে নিয়ে যায়। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানায় পুলিশ।
ফার্স্ট পোস্ট

×
সর্বশেষ সর্বাধিক পঠিত