রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে ময়লার স্তুপ থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে উদ্যানের ভেতরে কালিমন্দিরের পাশে ময়লার স্তুপ থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মনোজ প্রভাকর রায় বলেন, বিকেলে উদ্যানের আনসার সদস্যদের মাধ্যমে সংবাদ পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। নবজাতকটির বয়স হবে আনুমানিক ৪-৫ দিন।
তিনি বলেন, একটি লাল কম্বল দিয়ে প্যাচানোর পর বাজারের ব্যাগের ভেতর ভরে কেউ সেখানে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
