অবৈধ নির্বাচন গোটা জাতির সঙ্গে প্রতারণা: রিজভী

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০২:৫৮ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘অবৈধ নির্বাচনের মাধ্যমে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে, এটি গোটা জাতিকে প্রবঞ্চিত করা। এ অবৈধ নির্বাচনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এ নির্বাচন বর্জন করতে হবে।’

তিনি সকল পর্যায়ের নেতাকর্মীসহ জনগণকে এ নির্বাচন রুখে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে হবে।’

আজ মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে গুলশান ২ নম্বরের আশপাশের এলাকায় লিফলেট বিতরণ শেষে তিনি এ আহবান জানান।

রিজভী বলেন, এটি কোনো নির্বাচন নয়, এটি জনগণের সঙ্গে প্রতারণা। তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, বাকস্বাধীনতা হরণ করেছে। তারা আবারও মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে চাচ্ছে। কিন্তু এবার আর প্রতারণার নির্বাচন করে পার পাওয়া যাবে না।

লিফলেট বিতরণ আরও উপস্থিত ছিলেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মহিলা দলের নেত্রী জাকিয়া আক্তার, পান্না ইয়াসমিন, আয়েশা আক্তার মিলি, হাসিনা আক্তারসহ নেতাকর্মীরা। এছাড়াও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আশরাফুল আসাদ-সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত