ব্রিসবেনে দিবারাত্রির টেস্টে আম্পায়ার সৈকত

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৭:৫৮ পিএম

আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ আম্পায়ারিং। এই এক জায়গাতেই অনেকখানি পিছিয়ে ছিল বাংলাদেশের ক্রিকেট। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে সবশেষ ভারত বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ম্যাচ পরিচালনায় দেখার দ্ক্ষতার ঝলক। এবার আরও একধাপ এগোলেন তিনি। চলতি মাসে অস্ট্রেলিয়া-উইন্ডিজ সিরিজে ম্যাচ পরিচালনা করবেন সৈকত।

বাংলাদেশের আম্পায়ারিং ইতিহাসে তিনিই প্রথম কোনো নিরপেক্ষ সিরিজে আম্পায়ারিং করবেন। আগামী ১৭ জানুয়ারি অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে থার্ড আম্পায়ার থাকবেন সৈকত। পরের দিবারাত্রীর টেস্টে ব্রিসবেনে থাকবেন অনফিল্ড আম্পায়ার হিসেবে। এছাড়া দল দুটির মধ্যকার তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজেও ৪৪ বছর বয়সী এই আম্পায়ারকে ম্যাচ পরিচালনায় দেখা যাবে।

এর আগে ভারত বিশ্বকাপে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচসহ মোট পাঁচটি ম্যাচে আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি। পাশাপাশি ইংল্যান্ড-নিউজিল্যান্ড উদ্বোধনী ম্যাচসহ তিনটি ম্যাচে চতুর্থ আম্পায়ার ও আরও তিনটি ম্যাচে টেলিভিশন আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন সৈকত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত