নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সরকারি গাড়ী ব্যবহার করার অভিযোগ উঠেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি হামিদুল হক মিলনের বিরুদ্ধে। এ কারনে নির্বাচনী অনুসন্ধান কমিটি তাকে তলব করেছেন। বুধবার (৩ জানুয়ারি) বগুড়া-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ শাহনাজ পারভীন স্বাক্ষরিত নোটিশে বিষয়টি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) আদালতে সশরীরে হাজির হয়ে তাকে অভিযোগের লিখিত জবাব দিতে বলা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি হামিদুল হক মিলন বগুড়া- ১ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপির স্বামী।
জানা গেছে, স্ত্রীর নির্বাচনী প্রচারণা করার জন্য একমাসের ছুটি নিয়ে এলাকায় এসেছেন ওই পুলিশ কর্মকর্তা। এসময় তিনি স্ত্রীর নির্বাচনী প্রচারণার কাজে সরকারি গাড়ি ব্যবহার করেছেন। এ ছাড়াও প্রশাসনিক ক্ষমতা দেখিয়ে নির্বাচনী এলাকা বিপর্যন্ত করে রেখেছেন। এজন্য তিনি নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি-২০০৮ এর ১৪ (১)-(২) নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন করেছেন।
এ বিষয়ে অতিরিক্ত ডিআইজি হামিদুল হক মিলন জানান, নির্বাচনী অনুসন্ধান কমিটির চিঠি পেয়েছি। আগামীকাল তার জবাব দিবো।
