এসপি জাহাঙ্গীরের মোবাইলে ‘জান বাজি রেখে’ মাঠে নামার বার্তা

তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। মামলা দায়েরের পরপরই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পিএম
ডিসেম্বরের মধ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসনের পরিকল্পনা এবং এ লক্ষ্যে ‘জান বাজি রেখে’ মাঠে নামার মোবাইল ফোনের বার্তা আদান-প্রদানের সত্যতা পাওয়ায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। মামলা দায়েরের পরপরই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী।

পুলিশ জানিয়েছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে নগরের পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করা হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন। বর্তমানে গ্রেপ্তারকৃত এসপি জাহাঙ্গীর আলম পাঁচলাইশ থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।

তদন্ত ও গ্রেপ্তারের প্রক্রিয়া তুলে ধরে ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘নির্ভরযোগ্য সূত্রে তথ্য পাওয়ার পর এসপি জাহাঙ্গীরের মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তদন্ত কমিটি গঠন করে ফোনটির ফরেনসিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় সংশ্লিষ্ট তথ্যের সত্যতা পাওয়ার পর প্রতিবেদন তৈরি এবং মামলা করার প্রক্রিয়া শুরু হয়।’
 
এর আগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অভিযোগে গত ছয় দিন ধরে তিনি গোয়েন্দা নজরদারিতে ছিলেন এবং তার সরকারি ও ব্যক্তিগত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

জব্দ করা মোবাইলে পাওয়া বার্তাগুলোর বিষয়ে ডিআইজি বলেন, ‘জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনে দুটি গুরুত্বপূর্ণ বার্তা পাওয়া গেছে। একটি বার্তায় বলা হয়েছে, “ডিসেম্বরের মধ্যে আগের সরকারকে পুনর্বাসিত করা হবে”। অন্যটিতে বলা হয়েছে, “ডিসেম্বরে সবাই জান বাজি রেখে মাঠে নামবে”। মামলার এজাহারেও এসব তথ্য উল্লেখ করা হয়েছে।’

পুলিশের অভিযোগ অনুযায়ী, এসপি জাহাঙ্গীর আলম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছিলেন।
 
এ ছাড়া পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য আওয়ামী লীগ নেতাদের কাছে সরবরাহ করার সুনির্দিষ্ট অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ডিআইজি আরও বলেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ পাওয়ার পর এসপি জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের সদর দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে। এরপর তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা করার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।’

পুলিশের অন্য কোনো কর্মকর্তা এ ঘটনায় জড়িত কি না,  তা জানতে চাইলে আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘বিষয়টি বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে। নিয়মিত মামলার তদন্ত ও বিভাগীয় তদন্ত—দুই প্রক্রিয়াতেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুই থেকে তিন দিনের প্রাথমিক অনুসন্ধানে যতটুকু সত্যতা পাওয়া গেছে, তার ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

মো. জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০১০ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
সর্বশেষ সর্বাধিক পঠিত