হুইপ সামশুল হকের বিরুদ্ধে আবারও ঝাড়ু মিছিল

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১০:৪৭ পিএম

চট্টগ্রামের পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে আবারও এলাকার লোকজন ঝাড়ু মিছিল করেছে। বুধবার (৩ জানুয়ারি) দুপুর একটার দিকে পটিয়া পৌরসদরের ৭নং ওয়ার্ডের বাহুলী উচ্চ বিদ্যালয় এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর অফিসের সামনে এ ঘটনা ঘটে। 

এ সময় আওয়ামী লীগের সমর্থকরা নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা ঈগল প্রতীক নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে। আওয়ামী লীগের সাথে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের ক্ষতিগ্রস্থ লোকজন এবং স্থানীয় জনতা যুক্ত হলে উত্তেজনা আরও বেড়ে যায়। এক পর্যায়ে তারা সামশুল হকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে। তবে  স্বতন্ত্রের প্রার্থীর উপর হামলা, কিংবা ভাঙচুরের মতো কোন ঘটনা ঘটেনি।

জানা গেছে, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে এবার তিনবারের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী দলীয় প্রতীক না পাওয়ার কারণে তিনি বিদ্রোহী প্রার্থী হয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করছেন। স্বতন্ত্র প্রার্থী বুধবার সকালে পটিয়া পৌর সদরে গণসংযোগে বের হয়। এক পর্যায়ে তারা বাহুলী উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে আগে থেকে ঝাড়ু হাতে উপস্থিত ছিলেন ৫০-৬০ জন নারী পুরুষ। এ সময় তারা ঝাড়ু হাতে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে স্লোগান দেন। 

এর আগে পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে মহিলারা জুতা ও ঝাড়ু মিছিল করেছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় আবদুর রহিম জানিয়েছেন, ঈগল প্রতীকের প্রার্থী ও সমর্থকরা গণসংযোগে বের হলে দুপুরের দিকে কিছু মহিলা ও পুরুষ উত্তেজিত হয়ে তাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করে। তবে মারামারির কোনো ঘটনা ঘটেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত