চট্টগ্রামে চুরি যাওয়া ১০০ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ৪

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৩:২৯ পিএম

চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকার ‘ফিনলে স্কয়ার’ ভবনে বসবাসরত এক দুবাই প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া ১০০ ভরি স্বর্ণ উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর ও দক্ষিণ) বিভাগ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে মহানগর গোয়েন্দা পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা বিষয়টি দেশ রূপান্তরকে স্বর্ণ উদ্ধার ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গতকাল বুধবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

এর আগে গত ১৭ ডিসেম্বর সকালে দুবাই প্রবাসী ফজলুল কাদেরের ফ্ল্যাটে চুরির ঘটনাটি ঘটে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী সায়লা ইয়াছমিন খুকি বাদী হয়ে ১৮ ডিসেম্বর তার বাসার গৃহকর্মী রাশেদাকে (৫৫) আসামি করে মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর রাতেই রেশমা নামের একজনকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ। রেশমা আসামি রাশেদার বোনের মেয়ে বলে জানিয়েছে পুলিশ। থানা পুলিশের পাশাপাশি কোটি টাকার স্বর্ণ চুরির চাঞ্চল্যকর মামলা তদন্তে নামে মহানগর গোয়েন্দা পুলিশ। চোর সনাক্তে সিসিটিভির ফুটেজ দেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মাধ্যমে ছবি তৈরি করা হয়। সেই ছবি নিয়ে অনুসন্ধান শুরু করে গোয়েন্দারা। অবশেষে ঘটনার ১৮ দিনের মাথায় সফল হয় গোয়েন্দা পুলিশ।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ৭টার দিকে সায়লা ছেলেকে কলেজে পৌঁছে দিতে যান। ১১টার দিকে ফেরার পর দেখতে পান বাসার দরজা খোলা এবং বাসার গৃহকর্মী রাশেদা নেই। আলমারিতে রাখা ১০০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬০ হাজার উধাও

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, মামলা দায়েরের পর রাতেই রেশমাকে গ্রেপ্তার করা হয়। গৃহকর্মী রাশেদাকে সনাক্ত করতে ফিনলে স্কয়ারসহ আশপাশের অন্তত ৪০টি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। ফুটেজ দেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের একজন শিক্ষার্থীর মাধ্যমে ছবি আঁকা হয়। সেই স্কেচের সূত্র ধরেই আসামিদের গ্রেপ্তারে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত