পটিয়ায় সন্ত্রাসী কায়দায় নৌকার সমর্থককে কুপিয়েছে হুইপের সমর্থকরা

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০২:৫৫ এএম

পটিয়ায় আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরীর সন্ত্রাসী বাহিনী এসএম ফকরুল আলম সজীব (৪০) নামে নৌকার এক সমর্থককে কুপিয়েছে। সে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। 

বৃহস্পতিবার রাত ১১টার দিকে নৌকার দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে পটিয়া গৈড়লার টেক এলাকায় এ হামলার শিকার হন তিনি। জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজের নেতৃত্বে এ হামলা করা হয়েছে বলে জানান আহত সজীব। ধারালো কিরিচের কুপে আহত সজীবকে রক্তাক্ত অবস্থায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশংকাজনক।  

জানা গেছে, নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর সমর্থক স্বেচ্ছাসেবক লীগ নেতা সজীব প্রার্থীর পক্ষে প্রচারণা শেষ করে রাতে মোটর সাইকেল নিয়ে বাড়ি ফিরে যাচ্ছিলেন। তার বাড়ি জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল গ্রামে। গৈড়লার টেক এলাকায় স্বতন্ত্র প্রার্থীর ক্যাডার বাহিনী আগে থেকে উৎপেতে থাকে। এসময় ধারালো কিরিচ দিয়ে সজীবকে কুপিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত করে। এক পর্যায়ে তার মোটর সাইকেলটি জ্বালিয়ে দিয়ে তাকে প্রাণে মারার চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী, সহসভাপতি ও বিজিএমইএ নেতা মোহাম্মদ নাছির, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: তিমির বরন চৌধুরী, কাউন্সিলর গোফরান রানা, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন পারভেজসহ নেতৃবৃন্দ তাকে দেখতে হাসপাতালে ছুটে যান।

পটিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর গোফরান রানা জানিয়েছেন, নৌকার প্রার্থীর প্রচার কাজ শেষ করে সজীব বাড়ি ফেরার সময় তাকে স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হকের ক্যাডার বাহিনী ধারালো কিরিচ দিয়ে কুপিয়েছে। স্বতন্ত্র প্রার্থীর সন্ত্রাসীরা এলাকায় আধিপত্য বিস্তারসহ নানা অপরাধের সাথে জড়িত। নির্বাচনের পুর্বে তাদের গ্রেফতার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। 

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দিন হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, কারা হামলা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত