ক্যারিবিয়ান সাগরে ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে হলিউড অভিনেতা ক্রিশ্চিয়ান অলিভার এবং তার দুই মেয়ে নিহত হয়েছেন। উড়োজাহাজটি উড্ডয়নের কয়েক মুহূর্ত পরই ক্যাারিবিয়ান সাগরে আছড়ে পড়ে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
শনিবার (০৬ জানুয়ারি) এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ক্যারিবিয়ান অঞ্চলের রয়্যাল সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিন্স পুলিশ ফোর্স এক বিবৃতিতে জানায়,গত বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) এক ইঞ্জিন বিশিষ্ট ব্যক্তিগত উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে তারা নিহত হন।
এ ঘটনার পর মৎস্যজীবী, ডুবুরি এবং উপকূলরক্ষীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। পরে সেখান থেকে চারটি মৃতদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় ৫১ বছর বয়সী অলিভার, তার দুই মেয়ে মাদিতা (১০) ও আন্নিক (১২) এবং পাইলট রবার্ট সাচস নিহত হন।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের পর উড়োজাহাজটি গ্রেনাডাইনের একটি ছোট দ্বীপ বেকিয়া থেকে সেন্ট লুসিয়া যাচ্ছিল। তারা ছুটি কাটাতে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। অলিভার কয়েকদিন আগে ইন্সটাগ্রামে একটি গ্রীষ্মমন্ডলীয় সমুদ্র সৈকতের ছবি পোস্ট করেছিলেন। যেখানে ক্যাপশন লেখা আছে, ‘স্বর্গের কোথাও থেকে শুভেচ্ছা!...’
জার্মান বংশোদ্ভূত ক্রিশ্চিয়ান অলিভার, ‘দ্য গুড জার্মান’ এবং ২০০৮ সালের অ্যাকশন-কমেডি ‘স্পিড রেসার’-এ জর্জ ক্লুনির সঙ্গের বড় পর্দায় কাজ করেছেন। এই অভিনেতার কেরিয়ারের প্রথম দিকের ভূমিকাগুলোর মধ্যে টিভি সিরিজ ‘সেভড বাই দ্য বেল: দ্য নিউ ক্লাস’ এবং সিনেমা ‘দ্য বেবি-সিটার্স ক্লাব’ উল্লেখযোগ্য।
