নাশকতার শঙ্কা

ঢাবির মোড়ে মোড়ে ছাত্রলীগের অবস্থান

  •  নাশকতার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা 
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১০:২০ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার শঙ্কা থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

রোববার সকাল থেকে নীলক্ষেত, দোয়েল চত্বর, পলাশী মোড়, শাহবাগ চত্বর, টিএসসি চত্বরসহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন হলের নেতাকর্মীরা।

নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, নির্বাচন উপলক্ষে কয়েকদিন ধরে ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। তাদের ধারণা ছাত্রদলই এসব ঘটনার সঙ্গে জড়িত। নির্বাচনের দিন যাতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কিংবা নাশকতা না ঘটে সেজন্য কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শীর্ষ নেতাদের নির্দেশনায় হল অনুযায়ী বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছেন তারা।

সূর্যসেন হল ছাত্রলীগ নেতা আল সাদি বলেন, ছাত্রদল কয়েকদিন ধরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটাচ্ছে। তারা নির্বাচন বানচাল করতে চায়। নির্বাচনের দিন ক্যাম্পাসে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য আমরা নেতাদের নির্দেশনায় অবস্থান নিয়েছি। আজ সারাদিন আমরা থাকছি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের নেতা মাইদুল ইসলাম বলেন, কেউ নাশকতা করতে আসলে আমরা কঠিনভাবে প্রতিহত করব। সে নির্দেশনা আমাদের রয়েছে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, মানুষ যাতে নির্বিঘ্নে  ভোট দিতে পারে, ভোটের সুস্থ পরিবেশ বজায় থাকে। কেউ যাতে অস্থিতিশীল করার সুযোগ না পায় আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছি।

উল্লেখ্য, ভোটের আগের রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেড় ঘন্টার ব্যবধানে ৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়াও নির্বাচনের আগে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় প্রায় ১৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্ক দেখা দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত