ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের নক্ষত্র উস্তাদ রশিদ খানের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালেই ভেন্টিলেশনে নেওয়া হয়েছে তাকে।
রশিদ খান দীর্ঘদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন। আগে তার প্রস্টেট ক্যানসার ধরা পড়েছিল। তবে চিকিৎসার পর খানিকটা সুস্থই ছিলেন শিল্পী। যদিও ডিসেম্বরের শেষ সপ্তাহে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন।
মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তাকে দ্রুত দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার সঙ্গে সঙ্গে তার অবস্থার উন্নতি হয়েছিল। রাইস টিউবের মাধ্যমে খাবারও খাচ্ছিলেন তিনি। কিন্তু মঙ্গলবার সকালে আবারও অসুস্থ হয়ে পড়েন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শিল্পীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বিশিষ্ট অঙ্কলজিস্টদের একটি দল এবং স্নায়ুরোগ বিশেষজ্ঞরা তাকে পরীক্ষা করে দেখছেন।
উস্তাদ রশিদ খানের জন্ম উত্তরপ্রদেশের বদায়ুতে। ছোটবেলা থেকেই তিনি সঙ্গীত পরিবারে বেড়ে উঠেছেন। উস্তাদ গুলাম মুস্তাফা খানের ভাইপো তিনি। চাচাই প্রথম শিল্পীকে মুম্বাই নিয়ে যান। সেখানে গানের তালিম নেন রশিদ খান। এরপর উস্তাদ নিসার হুসেন খানের কাছে বাড়িতেই গানের তালিম নেন।
ইনায়েত হুসেন খাঁ-সাহিব যে ঘরানা প্রতিষ্ঠা করেছিলেন সেই রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী রশিদ খান। মূলত শাস্ত্রীয় সঙ্গীত গাইলেও ফিউশন বা বলিউড এবং টলিউডের ছবিতে বহু জনপ্রিয় গানও গেয়েছেন শিল্পী। ‘যব উই মেট’, ‘কিসনা’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘মাই নেম ইজ খান’র মতো বলিউড ছবির পাশাপাশি ‘মিতিন মাসি’, ‘বাপি বাড়ি যা’, ‘কাদম্বরী’র মতো বাংলা ছবিতেও রয়েছে তার গান।
হাসপাতালে উস্তাদ রশিদ খান