সব গুঞ্জন উড়িয়ে আগামীকাল বুধবারই শপথ নিচ্ছেন জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা। আজ মঙ্গলবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানিয়েছেন, আগামীকাল শপথ নেবেন জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ। পূর্ব ঘোষিত বৃহস্পতিবারের সভা বাতিল করা হয়েছে।
আগামীকাল সকাল ১০টার মধ্যে জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টির নবনির্বাচিত সকল সংসদ সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবার দুপুর থেকে গুঞ্জন ওঠে আগামীকালই শপথ নিচ্ছেন না দ্বাদশ জাতীয় নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা। নির্বাচনের সামগ্রিক পরিস্থিতির মূল্যায়ন ও সংসদে যাওয়া না যাওয়ার প্রশ্নে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিল জাতীয় পার্টি সূত্র।
এদিকে দ্বাদশ জাতীয় নির্বাচনে রংপুর বিভাগের পরাজিত প্রার্থীদের নিয়ে আজ মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রংপুর নগরীর সেনপাড়াস্থ স্কাউভিউ বাসার সামনে সভা করেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। এ সময় পরাজিত প্রার্থীরা জাতীয় পার্টিকে সু-সংগঠিত রাখার স্বার্থে নির্বাচিতদের শপথগ্রহণ না করার অনুরোধ জানান।
জাপার দপ্তর সূত্রে জানা গেছে, চেয়ারম্যান জি এম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নু এখনো ঢাকায় ফেরেননি। জি এম কাদের আজ মঙ্গলবার রাতে রংপুর থেকে ঢাকায় ফিরবেন।
আগামীকাল বুধবার সকাল ১০টায় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান হবে। এই শপথ অনুষ্ঠান হবে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে। ড. শিরীন শারমিন চৌধুরী প্রথমে নিজে দ্বাদশ সংসদের এমপি হিসেবে শপথ নেবেন। পরে তিনি অন্যদের শপথ বাক্য পাঠ করাবেন। আজ নির্বাচন কমিশন থেকে সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশে অনুমোদন দিয়েছে।
২৮ বছর বয়সে এমপি হলেন ছাত্রলীগ নেতা আজিজুল