চোখে মাস্ক, হাতে সাদাছড়ি নিয়ে ভোটের বাধা বুঝলেন ইসি-এমপিরা

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পিএম

ক্রাচ, আই-মাস্ক ও সাদাছড়ি ব্যবহারসহ বিভিন্ন অভিজ্ঞতাভিত্তিক অনুশীলনের মাধ্যমে নির্বাচনে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণের বাধাগুলো উপলব্ধি করেছেন নির্বাচন কমিশন, রাজনৈতিক দলের সংসদ সদস্য, সাংবাদিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীতে বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাসের (বি-স্ক্যান) আয়োজনে এক অভিজ্ঞতাভিত্তিক কার্যক্রমে এসব অভিজ্ঞতা তুলে ধরা হয়।

‘এক্সপেরিয়েন্সিং ইলেকশন অ্যাকসেসিবিলিটি চ্যালেঞ্জেস: ইমপ্যাথেটিক ইলেকটোরাল পার্টিসিপেশন’ শীর্ষক এ আয়োজনে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম, নেওয়াজ হালিমা ও সেলিনা সুলতানা নিশীতা। এ ছাড়া উপস্থিত ছিলেন ইপিডির প্রকল্প পরিচালক আনাস্তাসিয়া এস. উইবাওয়া, নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক, উপসচিব মোহাম্মদ মনির হোসেন, পরিচালক মো. আব্দুল মমিন সরকার, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক মো. আতিয়ার রহমান এবং সহকারী পরিচালক মুহাঃ সরওয়ার হোসেন।

ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় বাস্তবায়িত ‘প্রোমোটিং ডিজঅ্যাবিলিটি ইনক্লুসিভ ইলেকশন অবজারভেশন’ প্রকল্পের আওতায় এ কার্যক্রমের আয়োজন করা হয়। এতে বাংলাদেশ নির্বাচন কমিশন (বিইসি), বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য, গণমাধ্যম এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, নির্বাচনে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীন, নিরাপদ ও মর্যাদাপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে ভোটকেন্দ্রের অবকাঠামো, ভোটদান পদ্ধতি এবং তথ্য ও যোগাযোগব্যবস্থা প্রবেশগম্য করা জরুরি। পাশাপাশি নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট অংশীজনদের কার্যকর দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার শুধু ভোট দেওয়ার সুযোগের মধ্যে সীমাবদ্ধ নয়; কোনো ধরনের বৈষম্য বা অন্যের ওপর নির্ভরশীলতা ছাড়াই ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য ও কার্যক্রমের উদ্দেশ্য তুলে ধরেন বি-স্ক্যানের নির্বাহী পরিচালক সালমা মাহবুব। এ পর্বে প্রতিবন্ধী ব্যক্তিদের রাজনৈতিক ও নির্বাচনি অধিকার, নির্বাচন প্রক্রিয়ায় বিদ্যমান বাধা এবং প্রবেশগম্য ভোটকেন্দ্রের গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়া হয়।

কার্যক্রমের অন্যতম আকর্ষণ ছিল ভোটকেন্দ্রের পরিবেশে প্রতিবন্ধী ভোটারদের অভিজ্ঞতা উপলব্ধির জন্য আয়োজিত ব্যবহারিক অনুশীলন। এতে নির্বাচিত ১২ জন অংশগ্রহণকারী সরাসরি অংশ নেন। তাঁদের কেউ আই-মাস্ক ও সাদাছড়ি ব্যবহার করে দৃষ্টিপ্রতিবন্ধী ভোটারদের অভিজ্ঞতা অনুধাবনের চেষ্টা করেন, কেউ হুইলচেয়ার ও ক্রাচ ব্যবহার করে চলাচলের প্রতিবন্ধকতা উপলব্ধি করেন। আবার কেউ শ্রবণপ্রতিবন্ধী ভোটারদের যোগাযোগসংক্রান্ত চ্যালেঞ্জের অভিজ্ঞতা নেন। কয়েকজন অংশগ্রহণকারী হাতের সীমাবদ্ধতাসম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের ভূমিকায়ও অবতীর্ণ হন।

অন্য অংশগ্রহণকারীরা এসব কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ভোটকেন্দ্রে প্রবেশ, ভোটদান কক্ষে পৌঁছানো, প্রয়োজনীয় তথ্য পাওয়া ও ভোট দেওয়ার ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলো চিহ্নিত করেন।

উল্লেখ্য, সাধারণত জাতীয় ও স্থানীয় নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়, এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে কার্যক্রমের স্থান হিসেবে নির্বাচন করা হয়। ফলে অংশগ্রহণকারীরা বাস্তব নির্বাচনী পরিবেশের কাছাকাছি পরিস্থিতিতে প্রবেশগম্যতার বিভিন্ন বাধা পর্যবেক্ষণ ও উপলব্ধি করার সুযোগ পান।

অনুশীলন শেষে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা, অনুভূতি ও পর্যবেক্ষণ বিনিময় করেন। তাঁরা আলোচনা করেন, কীভাবে অপ্রবেশগম্য অবকাঠামো, অসহায়ক ভোটদান পদ্ধতি, তথ্য ও যোগাযোগের সীমাবদ্ধতা এবং প্রয়োজনীয় সহযোগিতার অভাব প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করে। একই সঙ্গে এসব বাধা দূর করতে নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব এবং সম্ভাব্য বাস্তবসম্মত পদক্ষেপ নিয়েও মতবিনিময় করেন তাঁরা।

বি-স্ক্যানের পক্ষ থেকে বলা হয়, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটকেন্দ্রের প্রবেশগম্যতা, প্রতিবন্ধীবান্ধব ভোটদান ব্যবস্থা, বিকল্প ও প্রবেশগম্য তথ্য সরবরাহ, প্রয়োজনীয় সহযোগিতা এবং যৌক্তিক সুবিধা নিশ্চিত করা জরুরি।

সর্বশেষ সর্বাধিক পঠিত