মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিতে বঙ্গভবনে পৌঁছেছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এর মধ্যে আলোচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। শপথ নিতে গেলেও কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা এখনো জানেন তিনি।
বঙ্গভবনে এক সাক্ষাৎকারে পাপন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্ত্রণালয়ের দায়িত্ব দিবেন সেটি চ্যালেঞ্জ হিসেবে নেব। তিনিই ভালো জানেন কাকে কীসের দায়িত্ব দেবেন।
দায়িত্ব পাওয়ার পর কী করবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রোপার হোমওয়ার্ক না করে মন্তব্য করা কঠিন।
দ্বাদশ জাতীয় নির্বাচনে নাজমুল হোসেন কিশোরগঞ্জ-৬ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন। তিনি বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে।
বিকেল ৪টার পর থেকে বঙ্গভবনে আসতে শুরু করেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। শপথ অনুষ্ঠানে বঙ্গভবনের দরবার হলে আছেন দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথিরাও।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শপথ নেবেন তারা। বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেবে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানা গেলেও কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা এখনো ঘোষণা করা হয়নি। শপথের পরে তাদের মধ্যে দায়িত্ব বণ্টন করবেন প্রধানমন্ত্রী।
এর আগে আজ দুপুরে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। আজ বৃহস্পতিবার দুপুরে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী রাষ্ট্রপতি ১১ জানুয়ারি (বৃহস্পতিবার) তাদেরকে বাংলাদেশ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদে নিয়োগদান করেছেন।
