প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো গঠিত নবনির্বাচিত সরকারকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা সব রাষ্ট্রদূত অভিনন্দন জানিয়েছেন বলে মন্তব্য করেছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ শুক্রবার (১২ জানুয়ারি) সকালে নবগঠিত মন্ত্রিপরিষদের সঙ্গে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।
নির্বাচন নিয়ে বিদেশি রাষ্ট্রগুলোর প্রতিক্রিয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, গতকাল (বৃহস্পতিবার) বঙ্গভবনে নবনির্বাচিত সরকারের মন্ত্রিপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত, যুক্তরাজ্যের হাইকমিশনারসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলোসহ প্রায় সব দেশের রাষ্ট্রদূত ছিলেন। অর্থাৎ বর্তমান সরকারকে অভিনন্দন জানাতে তারা সবাই গিয়েছিলেন।
হাছান মাহমুদের নতুন দায়িত্ব নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, চ্যালেঞ্জ মোকাবিলার মধ্যে যে তৃপ্তি, সেটি অন্য কিছুতে নেই। তথ্য মন্ত্রণালয় একটি চ্যালেঞ্জ ছিল। আমি আপনাদের সহযোগিতায় সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে নতুন এই দায়িত্ব অবশ্যই চ্যালেঞ্জের। আমাদের পররাষ্ট্রনীতির মূল প্রতিপাদ্য, কারও সাথে বৈরিতা নয়, সবার সাথে সুসম্পর্ক এবং সেই নীতি নিয়েই আমরা সবার সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলব।
